আজকের আবহাওয়া: গত কয়েক দিন ধরে বঙ্গে টানা বৃষ্টি হয়ে চলেছিল। ভারী বৃষ্টির জেরে রাজ্যের একাধিক জেলা জলমগ্ন হয়ে পড়েছিল। তবে গতকাল রাজ্যজুড়ে কোথাও বৃষ্টির দেখা মেলেনি। আজ সকালের দিকে হালকা মেঘাচ্ছন্ন ভাব থাকলেও বেলা গড়াতেই মেঘের ফাঁক দিয়ে উঁকি দিয়েছে সূর্যকিরণ।
আজ তাপমাত্রার পারদ কম থাকলেও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গুমসো গরমে অস্বস্তি বোধ করছে বঙ্গবাসী। আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঝাড়খণ্ডের উপর একটি ঘূর্ণবাত অবস্থান করেছে। যার জেরে বঙ্গে জলীয়বাষ্প প্রবেশ করছে। তবে এমন পরিস্থিতিতে বঙ্গে বৃষ্টির পূর্বাভাস জানাল আবহাওয়া দপ্তর। শহর কলকাতার বুকে তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা।
আবহাওয়া (Weather) দপ্তর সূত্রে খবর অনুযায়ী, ভারী বৃষ্টিতে ভাসতে চলেছে গোটা উত্তরবঙ্গ। আগামী কয়েকদিন ধরে বিক্ষিপ্ত আকারে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বৃষ্টির পাশাপাশি মেঘের গর্জন এবং ঝড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আজ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস থাকলেও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই বলেই জানা গিয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, রাজ্যের বিভিন্ন স্থানে আবহাওয়ার তারতম্যজনিত কারণে বিভিন্ন রকম আবহাওয়া বিরাজ করছে। তবে আজ শহর কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে এবং কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৩ শতাংশ। গতকালের তুলনায় আজ সর্বোচ্চ তাপমাত্রার ২ ডিগ্রি সেলসিয়াস কমেছে।
আবহাওয়া (Weather) দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন ভারী বৃষ্টি হতে চলেছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার এবং মালদা জেলায় আগামী তিন-চার দিন বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাগুলি জলমগ্ন হয়ে যেতে পারে বলে আগে থেকেই সর্তকতা জারি করেছে আবহাওয়া দপ্তর।
এর পাশাপাশি আজ দক্ষিণবঙ্গে তিনটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আজ দক্ষিণবঙ্গের হুগলি, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

0 Comments