গতকাল বৃহস্পতিবার রাতে পারমা বন্দ্যোপাধ্যায় তাঁর ফেসবুক একাউন্টে একটি ছবি পোস্ট করেন। সেই ছবিটিতে দেখা যাচ্ছে, তার ডান চোখে ব্যাণ্ডেজ করা রয়েছে এবং তিনি ক্যাপশনে লিখেছেন, "করোনা থেকে এখনই সাবধান হন। আক্রান্ত হওয়ার পর হয়তো প্রাণে বেঁচে যাবেন। কিন্তু প্রয়োজনীয় অঙ্গহানি হতে পারে।"
জানা গিয়েছে, গত সপ্তাহে গায়িকা পারমা বন্দ্যোপাধ্যায়ের হঠাৎ জ্বর আসে। তিনি দেরি না করে তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নেন। এছাড়াও করোনার যাবতীয় টেস্ট করান তিনি। কিন্তু কোনোরকম উপসর্গ দেখা মেলেনি তার শরীরে। তবে তার শরীরে CRP এর মাত্রা বেশি থাকায়, অ্যান্টিবায়োটিক খাওয়ার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসক। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ঔষধ এর কোর্স শেষ করেন তিনি।
তবে এরপর শরীরে কোন উপসর্গ বা ব্যথা-যন্ত্রণা ছাড়াই গত শুক্রবার ধীরে ধীরে চোখে ঝাপসা দেখতে শুরু করেন গায়িকা। গত শুক্রবার থেকে রবিবারের মধ্যে প্রায় ৮০ শতাংশ দৃষ্টি হারিয়ে ফেলেন পারমা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়টিকে ঘিরে তিনি লিখেছেন, "কোন উপসর্গ নেই, এমনকি যন্ত্রণাও নেই অথচ বাঁ চোখের দৃষ্টি হারিয়ে ফেললাম। শুধুমাত্র ওই চোখটা একটু ভারি ভারি ঠেক ছিল। আচমকাই আর দেখতে পাচ্ছিনা।"
বাঁ চোখের দৃষ্টি চলে যাওয়ায় ভারী চিন্তিত হয়ে পড়েছিলেন গায়িকা। এরপর তিনি কলকাতার একটি হাসপাতালে যোগাযোগ করেন। সেখানে রেটিনা সার্জেন ডঃ অভিজিৎ চট্টোপাধ্যায়ের কাছে পরামর্শ নেওয়ার পর জানতে পারেন VKH Syndrome নামের এক অসুখে ভুগছেন তিনি। এর পাশাপাশি ওই চিকিৎসক আরও জানিয়েছেন, এই অসুখের জেরে অনেক সময় চিরতরে হারিয়ে যেতে পারে চোখের দৃষ্টি।
পারমা জানিয়েছেন, "ওই চিকিৎসক আমার বন্ধু। উনি আমার চিকিৎসা করার পর ভীষণ চিন্তিত ছিল। আজ পর্যন্ত তাকে আমি এমন চিন্তিত কখনো দেখিনি। তিনি আমাকে বারবার জিজ্ঞাসা করছিলেন, কিভাবে তুমি এটা বাঁধালে। খুব দ্রুত সার্জারি করার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। নানান পরীক্ষা-নিরীক্ষা করার জন্য একাধিকবার রক্ত পরীক্ষা করা হচ্ছে এবং চোখের ফ্লুইড নিয়ে পরীক্ষা করা হচ্ছে। কি ধরনের সংক্রমণ হয়েছে তা এই পরীক্ষা করে দেখা হচ্ছে।"
এছাড়াও তিনি আরও জানান, "আমি এখনও পর্যন্ত জানিনা আমার চোখের কি পরিস্থিতি। আমার এই চোখ সেরে উঠবে কিনা সেটাও আমি জানিনা।" এর পাশাপাশি তিনি জানান, "আপনারা সবাই সাবধানে থাকুন এবং আমার জন্য সবাই প্রার্থনা করুন।"


0 Comments