ভারত বার্তা অনলাইন ডেস্কঃ বঙ্গে চলছে বিধান সভা নির্বাচনী ভোট। রীতিমতো অষ্টম দফার ভোট গ্রহণ পর্বের মধ্যে ষষ্ঠ দফার ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। বাকি রয়েছে দুই দফার ভোট গ্রহণ পর্ব।
সপ্তম দফার ভোট গ্রহণের আগেই অশান্তি সৃষ্টি হল ভবানীপুরে। ভবানীপুর বিধানসভা কেন্দ্রে আহত হলো এক বিজেপি কর্মীর ছেলে। অভিযোগের তীর উঠছে তৃণমূলের দিকেই। গতকাল রাজ্যে ষষ্ঠ দফার ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হয়েছে। ষষ্ঠ দফার ভোট এর দিনেই আহত হল বিজেপি কর্মীর ছেলে। তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এবার রাজনৈতিক হিংসায় উত্তপ্ত ভবানীপুর বিধানসভা কেন্দ্র।
ভবানীপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন রুদ্রনীল ঘোষ। আজ শুক্রবার সকালে বিজেপি কর্মীর ছেলেকে দেখতে এসএসকেএম-এ জান রুদ্রনীল বাবু। ওই বিজেপি কর্মীর ছেলে ট্রমা কেয়ারে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
জানা গিয়েছে, ওই বিজেপি কর্মীর নাম সাইমা আহমেদ। সাইমা আহমেদের ১৩ বছরের ছেলেকে তৃণমূল আশ্রিত গুন্ডারা বাইক থেকে ফেলে দেয় বলে অভিযোগ। ওই বিজেপি কর্মীর ছেলে গতকাল মাস্টারের বাড়িতে যাচ্ছিল নোট নিয়ে আসতে। তখনই তাকে ইচ্ছাকৃতভাবে ধাক্কা মারে তৃণমূল আশ্রিত গুন্ডারা। তখনই সে বাইক থেকে পড়ে যায় এবং তার হাতের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয় তৃণমূলের গুন্ডারা এমনটাই জানিয়েছে বিজেপি কর্মী সাইমা।
বিজেপি প্রার্থী রুদ্রনিল ঘোষ এসএসকেএম থেকে বেরিয়ে সাংবাদিকদের বলেন, "ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে ফিরহাদ হাকিমের গুন্ডাবাহিনী। তারা বিজেপি কর্মী সমর্থকদের বেছে বেছে মারধোর চালাচ্ছে।" এছাড়াও তিনি আরও জানিয়েছেন, "আমাদের এক কর্মীর ছেলেকে বাইক থেকে ফেলে দিয়ে তার হাতের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছে।" এই ঘটনাকে ঘিরে ববি হাকিমের গ্রেফতারের দাবি করেছেন রুদ্রনীল ঘোষ। এছাড়াও তিনি জানান, শুধু মারধোর নয়, প্রানে মেরে ফেলার হুমকি দিচ্ছে ববি হাকিমের গুন্ডারা।
এই ঘটনার পর গতকাল ববি হাকিমের বিরুদ্ধে বিজেপি প্রার্থী রুদ্রনিল ঘোষ অভিযোগ দায়ের করেছেন নির্বাচন কমিশনের কাছে। বিজেপি প্রার্থীর দাবি, "বার বার তার উপর আক্রমণের চেষ্টা করছে ববি হাকিমের গুন্ডারা।"

0 Comments