ভারত বার্তা অনলাইন ডেস্কঃ একুশের বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে তৃতীয়বার বাংলার মসনদে বসলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয়বার রাজ্যে ক্ষমতায় ফিরে গতকাল বুধবার, রাজ্যে প্রথম বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী অমিত মিত্র এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গতকালের এই বাজেটে, পেট্রোপণ্যের দাম, জ্বালানি গ্যাস ও রোড ট্যাক্স মুকুব সহ একাধিক পরিকল্পনার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। তবে রাজ্য সরকারের এই নতুন বাজেট, সঠিকভাবে মেনে নিতে পারেননি রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী।
শুভেন্দু অধিকারীর মতে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ বঞ্চিত করা হচ্ছে। তিনি এদিন বলেন, "রাজ্য বাজেটে উত্তরবঙ্গ নিয়ে একটা লাইনও দেখলাম না।" এছাড়াও শুভেন্দু গতকাল বিকেলে একটি সাংবাদিক বৈঠকে বসেন। সেখান থেকে তিনি রাজ্য সরকারকে খোঁচা দিয়ে বলেন, 'আমি খুবই খুশি যে, বাংলা থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় প্রতিনিধির সংখ্যা অনেক বৃদ্ধি পাচ্ছে। আজকের বাজেটের যেখানে উত্তরবঙ্গ সম্পর্কে একটাও শব্দ নেই। তপশিলি জাতি, উপজাতি সম্পর্কেও কোন শব্দ নেই। সেখানে আজকে মন্ত্রিসভায় উত্তরবঙ্গের দুজনকে বেছে নেওয়া হয়েছে।"
কলকাতা পেট্রোপণ্যের দাম সেঞ্চুরি পার করেছে। পেট্রোপণ্যের দাম অগ্নিমূল্য হওয়ায় কেন্দ্র সরকারের বিরুদ্ধে তীব্র কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জ্বালানি তেলের দাম বাড়ায় মমতা জানিয়েছিলেন, "মোদী সরকার মানুষের পকেট কাটছে, আর নিজের পকেট ভরছে।" মমতা বন্দ্যোপাধ্যায় এমন মন্তব্য করার সাথে সাথে দাবি জানিয়েছেন, পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি করে বাংলা থেকে কেন্দ্র সরকার কর উসুল করেছে ৩ লক্ষ ৭১ হাজার কোটি টাকা।
তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের এমন মন্তব্যকে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বলেন, "কেন্দ্রীয় সরকার পেট্রোলের দাম বাড়াচ্ছে, এই যে ব্যাখ্যাটা কেউ কেউ করছেন, এটা ঠিক নয়। তৃণমূল পরিচালিত সরকারকে বলব, এত যদি দরদ হয়, বলছেন বিধান পরিষদ গঠন করবো, আর্থিকভাবে স্বনির্ভর হব। তা ৩৮ টাকা যে কর নিচ্ছেন, তার ২০ টাকা ছাড় দিয়ে দিন।"
জানিয়ে রাখি, পেট্রোপণ্যের দাম বৃদ্ধি পেতে পেতে রাজ্যে পেট্রোলের দাম ১০০ পার করেছে। গতকাল কলকাতায় পেট্রোলের দাম ছিল ১০০ টাকা ২৩ পয়সা। তবে আজ কলকাতায় ফের পেট্রোলের দাম বৃদ্ধি পেয়ে নতুন দাম হয়েছে ১০০ টাকা ৬২ পয়সা।

0 Comments